লক্ষ্মীপুরের রায়পুরে ‘হানি ট্র্যাপের’ মাধ্যমে মানুষকে ফাঁদে ফেলে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে সাদিয়া সুলতানা শারমিন নামে এক নারী, তার স্বামীসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
অভিযোগ রয়েছে, ওই নারী ও তার স্বামীসহ একটি চক্র রায়পুরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে অবস্থান পরিবর্তন করে কথিত ‘হানি ট্র্যাপের’ মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে ফাঁদে ফেলতেন। পরে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ আদায় করে অন্য এলাকায় বাসা ভাড়া নিতেন বলে অভিযোগ।
পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে তারা এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এর আগেও কয়েকবার আটক হলেও ভুক্তভোগীরা থানায় অভিযোগ না করায় তখন আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
সর্বশেষ পুরোনো ফ্রিজ বিক্রির প্রলোভন দেখিয়ে ফ্রিজ কেনাবেচা ও মেরামতের সঙ্গে জড়িত এক ব্যবসায়ীকে বাসায় ডেকে নেওয়া হয় বলে অভিযোগ!
সেখানে তাকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, গলায় ছুরি ধরে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে নগদ টাকা এবং বিকাশের মাধ্যমে অর্থ নেওয়া হয়। একই সঙ্গে বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সাদিয়া সুলতানা শারমিনসহ কয়েকজনকে আটক করে।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটক ব্যক্তিদের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং তারা দীর্ঘদিন ধরে এমন কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন কিনা খতিয়ে দেখছে পুলিশ।
(লক্ষ্মীপুর) প্রতিনিধি: (মোঃ শরিফ) 



















