চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নে তুচ্ছ ঘটনায় বিরোধের জেরে আব্দুল মান্নান (৬২) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে বেতাগী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বেতাগী আস্তানা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মান্নান বেতাগী ইউনিয়নের ৩নং ওয়ার্ড হাফেজ বজলুর রহমানের বাড়ির নুরু মিয়ার ছেলে।
জানা যায়, বিয়েশাদির বিষয় নিয়ে নিহতের চাচাতো ভাইয়ের সাথে স্থানীয় মো. ছুফির ছেলে মোজাম্মেলের (৪৫) বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয় বাজারে মোজাম্মেল প্রকাশ্যে হুমকি দিলে মান্নান প্রতিবাদ করেন এবং উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়। স্থানীয়রা তখন বিষয়টি মীমাংসা করে দিলেও ক্ষিপ্ত হয়ে (মঙ্গলবার) এশার নামাজে যাওয়ার পথে অন্ধকার এলাকায় পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে মান্নানকে উপর্যুপরি কুপিয়ে জখম করে মোজাম্মেল। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে রাউজানের পাহাড়তলী এলাকার একটা হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বর্তমানে নিহতের মরদেহ চমেক হাসপাতালের মর্গে রয়েছে।
এ ঘটনায় জড়িত মোজাম্মেলের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি দাবি করেছেন নিহতের ছেলে মো. মুন্নাসহ স্থানীয় স্বজনরা।
এবিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. জহির উদ্দিন জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রাঙ্গুনিয়ায় তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা
-
রাঙ্গুনিয়া প্রতিনিধি ওমর ফারুক - আপডেট সময় : ০৬:০৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- 31
জনপ্রিয় সংবাদ




















