জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ’ উদযাপনকে সামনে রেখে নীলফামারীতে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
৩১ আগস্ট ২০২৬ তারিখে দেশব্যাপী একযোগে এ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এরই ধারাবাহিকতায় নীলফামারীতেও জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমি, নীলফামারীর সহযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয়, মাধ্যমিক পর্যায়ের মাদরাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে সংগীত, আবৃত্তি, নৃত্য, চিত্রাঙ্কন, হামদ-নাত, উপস্থিত বক্তৃতা ও রচনাসহ বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুসরাত জাহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশশ্বিরা আমাতুল্লাহ এবং জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার নুঝাত তাবাসসুম।
এছাড়াও অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় শিল্পীগোষ্ঠীর সদস্য এবং সংস্কৃতিপ্রেমী সুধীজন উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেমের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী এ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতি তাদের আগ্রহ আরও বাড়াবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
মো: মোকলেছুর রহমান নীলফামারী প্রতিনিধি 



















