কুড়িগ্রামে ৪২টি শূন্য ডিলার ইউনিটে সার ডিলার নিয়োগের আবেদন জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আগামীকাল সোমবার (৩১ আগস্ট)। জেলা প্রশাসনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ওইদিন বিকেল ৫টা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।
‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০০৯’ (সংশোধিত)-এর আলোকে কুড়িগ্রামের নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও উলিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং চিলমারীর অষ্টমীরচর ইউনিয়নের নির্ধারিত ৪২টি শূন্য ডিলার ইউনিটে এ নিয়োগ দেওয়া হবে।
জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি গত ২০ আগস্ট প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগের সার ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
নতুন আবেদনকারীদের নির্ধারিত শর্ত পূরণ করতে হবে। আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিয়ন বা উপজেলার বাসিন্দা হতে হবে এবং জাতীয় পরিচয়পত্রের পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে।
এ ছাড়া সংশ্লিষ্ট ইউনিয়নের কার্য এলাকায় নিজস্ব মালিকানায় অথবা ভাড়ায় কমপক্ষে ৫০ মেট্রিক টন ধারণক্ষমতার গুদাম থাকতে হবে। গুদামের ভিটি স্বাভাবিক বন্যাসীমার চেয়ে উঁচু ও পাকা হতে হবে। খাবারের দোকান, রেস্টুরেন্ট, গো-খাদ্য, মাছের খাবার বা সবজি দোকানের সঙ্গে সার গুদাম করা যাবে না। একইভাবে সার গুদামে বীজ ও বালাইনাশক সংরক্ষণ করা যাবে না।
আবেদনকারীকে আর্থিকভাবে সচ্ছল হতে হবে এবং এর প্রমাণ হিসেবে কমপক্ষে ১০ লাখ টাকার সাম্প্রতিক ব্যাংক সচ্ছলতার সনদ দিতে হবে। পাশাপাশি হালনাগাদ ট্রেড লাইসেন্স, আয়কর রিটার্ন দাখিলের সনদ এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
তবে ইতোপূর্বে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সার ডিলারশিপ বাতিল হওয়া ব্যক্তি, ব্যবসায়ে অনিয়ম বা কোনো ফৌজদারি কিংবা অন্য আইনে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আবেদন করতে পারবেন না। কোনো সরকারি কর্মচারী বা জনপ্রতিনিধিও সার ডিলার হতে পারবেন না। একই পরিবারের একজনের ডিলারশিপ থাকলে পরিবারের অন্য কেউ আবেদন করতে পারবেন না।
আবেদন ফি হিসেবে অফেরতযোগ্য ২ হাজার টাকা পোস্টাল অর্ডার, পে-অর্ডার বা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে। এর সঙ্গে ১০ হাজার টাকা আর্নেস্টমানি হিসেবে পে-অর্ডার বা ডিমান্ড ড্রাফট সংযুক্ত করতে হবে। আবেদন যাচাইয়ে তথ্য বা কাগজপত্র জাল প্রমাণিত হলে আবেদন বাতিলের পাশাপাশি আর্নেস্টমানি বাজেয়াপ্ত করা হবে।
আবেদনপত্র নির্ধারিত ছকে প্রস্তুত করে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপপরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, কুড়িগ্রাম-এ জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২৬, বিকেল ৫টা।
আবেদন ফরম কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইট (http://www.moa.gov.bd) থেকে এবং শূন্য ডিলার ইউনিটের তালিকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুড়িগ্রামের ওয়েবসাইট (http://www.dae.kurigram.gov.bd) থেকে সংগ্রহ করা যাবে।
জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো কারণ দর্শানো ছাড়াই যেকোনো আবেদন গ্রহণ বা বাতিল এবং প্রয়োজনে বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
মোঃ রেজাউল ইসলাম স্টাফ রিপোর্টার 



















