সদ্য প্রকাশিত ২০২৬ সালের দাখিল (এসএসসি সমমান) পরীক্ষার ফলাফলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় চমক দেখিয়েছে আল-জামি’আহ আস-সালাফিয়্যাহ। উপজেলা শিক্ষা অফিসের তথ্যমতে, এবার গোটা রূপগঞ্জ থানায় মাদ্রাসা বোর্ড থেকে মোট ২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। যার মধ্যে ১০ জনই আল-জামি’আহ আস-সালাফিয়্যাহর শিক্ষার্থী। অর্থাৎ, উপজেলার মোট জিপিএ-৫ এর অর্ধেকই নিজেদের ঝুলিতে পুরেছে এই প্রতিষ্ঠানটি, যা উপজেলার সেরা ফলাফল হিসেবে বিবেচিত হচ্ছে।
জানা যায়, শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ পরিচালিত এই মাদ্রাসা থেকে এবার মোট ৫৮ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। জিপিএ-৫ অর্জনকারী কৃতিত্বপূর্ণ ১০ শিক্ষার্থী হলেন— ফারহান বিন মশিউর রহমান, মো. সালমান শাহেদ, আবু বকর সিদ্দিক, মোহাম্মদ, মো. নাঈমুল ইসলাম, জিকরুর রহমান, মো. তৌওফিক এলাহী রাফসান, মো. এহতেসামুল হক সিয়াম, নিহাদ হাসান বিন রবি উল্লাহ ও সুমাইয়া বিনতে নূরুল হক।
এছাড়া, জিপিএ-৫ এর কাছাকাছি নম্বর পেয়ে সাফল্যের তালিকায় রয়েছেন রুকন (৪.৯৬), জিসান (৪.৮৮), মাইমুনা মিহিনাজ নুর রিজা (৪.৮৮) ও আনিসা তাবাসসুম (৪.৮১)। ফলাফলের সার্বিক পরিসংখ্যানে দেখা যায়, অংশগ্রহণকারী বেশিরভাগ শিক্ষার্থীই ৩.৫৬ থেকে ৪.৯৬ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
শিক্ষার্থীদের এই অসামান্য সাফল্যে মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। তারা কৃতকার্য সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
তবে উল্লেখ্য যে, আল-জামি’আহ আস-সালাফিয়্যাহ মাদ্রাসার নিজস্ব সরকারি রেজিস্ট্রেশন না থাকায় এই শিক্ষার্থীরা মূলত গোবিন্দপুর দাখিল মাদ্রাসার নামে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
স্টাফ রিপোর্টার,ফয়সাল আহমেদ 



















