টাঙ্গাইলের মধুপুরে মাদক, জুয়া, বাল্যবিবাহ, নারী নির্যাতনসহ বিভিন্ন সামাজিক ব্যাধি নিরসনের লক্ষ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার ৯ নম্বর অরণখোলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অরণখোলা ইউনিয়নের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অরণখোলা ইউনিয়নের প্রশাসক শারমিন সুলতানা সুমির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক, বিএনপির সিনিয়র সহসভাপতি জয়নাল আবেদীন বাবলু, মধুপুর থানার সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, আইসিটি কর্মকর্তা আব্রারুল হক শিমুলসহ অন্যান্যরা।
সভায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, জুয়া, বাল্যবিবাহ, নারী নির্যাতনসহ বিভিন্ন সামাজিক ব্যাধি দূর করতে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে এসব সামাজিক সমস্যা পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। এজন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সমাজের সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সুজন কুমার দাস ধনবাড়ী-মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: 



















