কুষ্টিয়ার খোকসায় মাদক কারবারিদের আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর। মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ালো কুষ্টিয়ার খোকসা উপজেলার যুবসমাজ। সামাজিক সচেতনতা বাড়াতে জানিপুর, কমলাপুর এলাকায় অনুষ্ঠিত হলো মাদকবিরোধী র্যালি, মানবন্ধন ও বিক্ষোভ মিছিল। বক্তারা অবিলম্বে মাদক কারবারি ও সেবনকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
শুক্রবার বেলা আড়াইটায় জানিপুর জামে মসজিদের সামনের সড়কে শুরু হয় এই কর্মসূচি। স্থানীয় যুবসমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নেন সাংবাদিক, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলে “মাদককে না বলুন”, “মাদকমুক্ত সমাজ চাই” স্লোগান দেন অংশগ্রহণকারীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, “যারা মাদকের সাথে যুক্ত, তাদের কারণেই এলাকায় চুরি, ডাকাতি ও নানা অপরাধ বেড়ে যাচ্ছে। একজন নেশাগ্রস্ত মানুষকে দেখে তরুণরাও বিভ্রান্ত হচ্ছে। আমরা দ্রুত মাদক কারবারি ও সেবনকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাই।”
সমাবেশে বক্তারা অঙ্গীকার করেন, এলাকাবাসী একতাবদ্ধ হয়ে মাদক কারবারিদের চিহ্নিত করে প্রশাসনের হাতে তুলে দিতে সহযোগিতা করবেন।
এসময় উপস্থিত ছিলেন খোকসা পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাসেম আলী, ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জামায়াত নেতা মো.আব্দুর রাজ্জাক, পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রবিন রায়হান জসিম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক মুস্তাফিজুর রহমান মুস্তাক, ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: সেলিম হুসাইন, জানিপুর জামে মসজিদের সভাপতি মো.রেজাউল করিম এবং জানিপুর কমলাপুর যুব সংঘ পাঠাগারের সভাপতি মো. আরমান হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা বলছেন, মাদকমুক্ত প্রজন্ম গড়তে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি তারা নিয়মিত চালিয়ে যাবেন
এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, ব্যূরো চীফ, দক্ষিণাঞ্চল : 



















