চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে ১০টি দোকান ভস্মীভূত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে উপজেলার পারুয়া ইউনিয়নের হাজারীহাটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৫টার দিকে পারুয়া ডিসি সড়কসংলগ্ন হাজারীহাটের ১০টি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে সেমিপাকা ছয়টি ফার্নিচারের দোকান, একটি মোবাইল টেলিকমের দোকান, একটি সেমিপাকা ডেকোরেটরের দোকান, একটি সেমিপাকা অটোরিকশা মেকানিকের দোকান এবং একটি সেমিপাকা হলুদ-মসলার গুদাম পুড়ে যায়।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও ওয়্যারহাউজ কর্মকর্তা অর্জুন বাড়ৈ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
রাঙ্গুনিয়া প্রতিনিধি: ওমর ফারুক 



















