দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সিংড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত “দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬”-এ রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে নাটোরের সিংড়া উপজেলার ঐতিহ্যবাহী বিলদহর উচ্চ বিদ্যালয়।
সম্প্রতি উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। দুর্নীতির কুফল, প্রতিরোধের কার্যকর উপায় এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে প্রাণবন্ত বিতর্কে অংশ নিয়ে নিজেদের মেধা, যুক্তি ও উপস্থাপনা দক্ষতার পরিচয় দেয় প্রতিযোগীরা।
সুষ্ঠু ও তথ্যসমৃদ্ধ যুক্তি উপস্থাপনের মাধ্যমে বিলদহর উচ্চ বিদ্যালয়ের বিতর্ক দল রানার আপ হওয়ার পাশাপাশি ট্রফি ও সনদপত্র অর্জন করে। এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ বলেন, “এই অর্জন আমাদের শিক্ষার্থীদের নিষ্ঠা, মেধা ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফল। আমরা চাই তারা শুধু লেখাপড়ায় নয়, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলীতেও দেশের সুনাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করুক।”
সহকারী প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন বলেন, “দুর্নীতিবিরোধী এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সত্যনিষ্ঠা, যুক্তিবোধ ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও তারা আরও ভালো ফলাফল অর্জন করবে বলে আমরা আশাবাদী।”
অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা বলেন, “বিতর্ক শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, বিশ্লেষণী ক্ষমতা বিকাশ এবং নৈতিক মূল্যবোধ গঠনে কার্যকর ভূমিকা রাখে। এ অর্জন বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের।”
প্রতিষ্ঠানের দাতা পরিবারের সদস্য মো. মহসিন প্রামানিক বলেন, “বিলদহর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই কৃতিত্ব আমাদের সবাইকে গর্বিত করেছে। শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ প্রজন্ম গড়ে তুলতে বিদ্যালয়ের এমন সাফল্য আরও এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।”
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আশরাফুল সরদার বলেন, “বিলদহর উচ্চ বিদ্যালয়ের এই অর্জন শুধু বিদ্যালয়ের নয়, পুরো এলাকার গর্ব। শিক্ষার্থীরা তাদের মেধা ও যুক্তির মাধ্যমে প্রমাণ করেছে, সুযোগ পেলে গ্রামবাংলার শিক্ষার্থীরাও জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করতে সক্ষম।”
পরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে বিজয়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, ট্রফি ও সনদপত্র প্রদর্শনের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত বক্তারা বলেন, দুর্নীতিবিরোধী চেতনা গড়ে তুলতে এবং শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতায় উদ্বুদ্ধ করতে এ ধরনের প্রতিযোগিতার বিকল্প নেই।
উল্লেখ্য, বিলদহর উচ্চ বিদ্যালয় ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ২০১৯-২০২০ অর্থবছরে বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মিত হয়। প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি শিক্ষা, ক্রীড়া, সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে সিংড়া উপজেলার অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করে আসছে।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: আশরাফুল সরদার। 



















