নওগাঁর বদলগাছী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মোয়াজ্জেম মো. মাহফুজ রহমানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে সরকারি অর্থ উত্তোলনের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট মহল ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বদলগাছী উপজেলা মডেল মসজিদের পরিচালনা-সংক্রান্ত ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলনের ক্ষেত্রে উপজেলা মডেল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার যৌথ স্বাক্ষর বাধ্যতামূলক।
অভিযোগ রয়েছে, প্রয়োজনীয় অনুমোদন বা পরিচালনা কমিটির সিদ্ধান্ত ছাড়াই একটি চেকে ইউএনও’র স্বাক্ষর জাল করে ব্যাংকে জমা দিয়ে সরকারি অর্থ উত্তোলনের চেষ্টা করা হয়। তবে চেকের স্বাক্ষর নিয়ে সন্দেহ হলে ব্যাংক কর্মকর্তারা তা যাচাই করেন। যাচাই-বাছাইয়ে স্বাক্ষরে অসঙ্গতি ধরা পড়লে ব্যাংক কর্তৃপক্ষ অর্থ প্রদান স্থগিত রেখে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করে।
ঘটনার পর উপজেলা প্রশাসন বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে। ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে থাকা একজন ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় স্থানীয় মুসল্লি ও সচেতন মহলের মধ্যেও সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চেকের স্বাক্ষরে অসঙ্গতি ধরা পড়ায় অর্থ প্রদান বন্ধ রাখা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “স্বাক্ষর জালের অভিযোগটি আমাদের নজরে এসেছে। সরকারি অর্থ ও সরকারি নথিতে স্বাক্ষর জালিয়াতি অত্যন্ত গুরুতর অপরাধ। অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না।”
অভিযোগের বিষয়ে মো. মাহফুজ রহমানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ফিরোজ আহম্মেদ নওগাঁ জেলা প্রতিনিধি 



















