আদমদীঘি উপজেলার সান্তাহার – নাটোর বাইপাস সড়কের পালনা এলাকায় ছাগলকে ঘাস খাওয়ানোর সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত শাপলা বিক্রেতা শহিদুল ইসলাম (৫২) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মৃত্যুবরণ করেছেন। মৃত শহিদুল ইসলাম উপজেলার সান্তাহার ইউনিয়নের পানলা গ্রামের মৃত আবু তালেবের ছেলে। ৩১ জুলাই শুক্রবার সন্ধ্যার দিকে সান্তাহার-নাটোর বাইপাস সড়কের পানলা ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় নিহতের ভাতিজা শিশু আব্দুর রহমান ও দুই মোটরসাইকেল আরোহী আহত হয়।
জানা গেছে, এদিন বিকালে সান্তাহার ইউনিয়নের পানলা গ্রামের নিকট ব্রিজ এলাকায় শহিদুল ইসলাম তার ভাই সবুজের ৯ বছর বয়সী ছেলে আব্দুর রহমান সড়কের পাশে ছাগলকে ঘাঁস খাওয়াচ্ছিলেন। এ সময় রানীনগর থেকে সান্তাহারগামী একটি বেপরোয়া গতির মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা শহিদুল ও তার ভাতিজা আব্দুর রহমানকে ধাক্কা দিলে তারা ছিটকে পড়ে। এতে শহিদুল ও শিশু আব্দুর রহমান ও দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই শহিদুল ইসলাম মারা যান। অপর আহতরা চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান মিয়া সাংবাদিকদের জানান, নওগাঁ আধুনিক হাসপাতালে শহিদুল ইসলামের ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে। নিহত শহিদুল ইসলাম সান্তাহার শহরে শাপলা বিক্রেতা হিসাবে ব্যাপক পরিচিত ছিলেন।
সান্তাহারে মোটরসাইকেলের ধাক্কায় শাপলা বিক্রেতার মৃত্যু, আহত -৩
-
মোঃ আহসান হাবিব (আদমদীঘি প্রতিনিধি): - আপডেট সময় : ০২:২২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- 67
জনপ্রিয় সংবাদ




















