লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ আরও সহজ করতে বিশেষ আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন গোড়ল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. গজর উদ্দিন পাটোয়ারী।
তিনি ঘোষণা দেন, গোড়ল ইউনিয়নের কোনো অসচ্ছল পরিবারের শিক্ষার্থী যদি পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ অথবা পাবলিক ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়, তাহলে সামর্থ্য অনুযায়ী তাদের ভর্তি সংক্রান্ত আর্থিক সহযোগিতা করবেন তিনি, ইনশাআল্লাহ।
গজর উদ্দিন পাটোয়ারী বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন থেমে যাওয়া উচিত নয়। শিক্ষাই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের প্রধান হাতিয়ার। তাই ইউনিয়নের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী হতে হবে। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ভবিষ্যতে ইউনিয়নের উন্নয়ন ও দেশের অগ্রগতিতে তারাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয়রা এই ঘোষণাকে সময়োপযোগী ও মানবিক উদ্যোগ হিসেবে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের সহায়তা অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে এবং অনেকের স্বপ্ন বাস্তবায়নে সহায়ক হবে।
শেষে গজর উদ্দিন পাটোয়ারী বলেন, “শিক্ষাই গড়বে উন্নত ভবিষ্যৎ, তোমরাই আমাদের আগামী।”
ইমাম ইসরাঈল | লালমনিরহাট প্রতিনিধি 



















