টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ী ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় এক বৃদ্ধাকে হত্যা করার ঘটনা ঘটেছে। নিহত বৃদ্ধা স্থানীয় বিএনপি নেতা আবুল কালাম আজাদ মিন্টুর মা বলে জানা গেছে। শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যার কোনো এক সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধা দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে একাই বসবাস করতেন। শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে প্রতিবেশী রেজাউল করিম রেজার স্ত্রী পান খাওয়ার উদ্দেশ্যে ওই বাড়িতে গিয়ে ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় তাকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেন।
স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, বৃদ্ধা একা বসবাস করায় দুর্বৃত্তরা ডাকাতির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করতে পারে। পরে তিনি তাদের চিনে ফেলায় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে এটি কেবল স্থানীয়দের ধারণা। এ বিষয়ে এখনো পুলিশ কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। ফলে হত্যার প্রকৃত কারণ এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
এ নৃশংস হত্যাকাণ্ডে নিহতের পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ এবং জড়িতদের বিষয়ে বিস্তারিত জানানো হবে।
*স্টাফ রিপোর্টাস মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 



















