টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে সংবাদ লেখা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
জানা গেছে, দুর্ঘটনার পর আহত ব্যক্তিকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন।
উদ্ধারকারীরা জানান, আহত ব্যক্তির কাছে কোনো মোবাইল ফোন, মানিব্যাগ বা পরিচয়পত্র পাওয়া যায়নি। তাদের ধারণা, দুর্ঘটনার পর এসব সামগ্রী হারিয়ে গেছে বা কেউ নিয়ে গেছে। ফলে তার পরিচয় শনাক্ত করতে সংশ্লিষ্টদের বেশ বেগ পেতে হচ্ছে।
পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায়, পৌর বিএনপির সভাপতি প্রিন্সসহ কয়েকজন স্বেচ্ছাসেবীর উদ্যোগে নিজস্ব ব্যবস্থাপনায় আহত ব্যক্তিকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাকে কেউ চিনে থাকলে অনুগ্রহ করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল অথবা সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, আহত ব্যক্তির দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন উদ্ধারকাজে অংশ নেওয়া ব্যক্তিরা।
সুজন রবি দাস ধনবাড়ী *টাঙ্গাইল প্রতিনিধি 



















