কক্সবাজারের বাহারছড়া তাফহীমুল কোরআন আলিম মাদ্রাসার জ্যেষ্ঠ ও অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষক মাওলানা ইমাম শরীফ দীর্ঘ ৪১ বছর ৭ মাসের বর্ণাঢ্য শিক্ষকতা জীবন শেষে আনুষ্ঠানিকভাবে অবসরে গমন করেছেন। ১৯৮৫ সালের ১ জানুয়ারি এই ঐতিহ্যবাহী এমপিওভুক্ত মাদ্রাসায় যোগদানের মাধ্যমে তিনি শিক্ষাদান কার্যক্রম শুরু করেছিলেন। আজ দীর্ঘ চার দশকেরও বেশি সময় পর তিনি তাঁর প্রিয় কর্মস্থল থেকে বিদায় নিলেন।
মাওলানা ইমাম শরীফ কেবল একজন শিক্ষকই ছিলেন না; তিনি ছিলেন অগণিত শিক্ষার্থীর আলোকবর্তিকা, নৈতিকতার দিশারী এবং পুরো শিলখালী ও বাহারছড়া এলাকার মানুষের জন্য ভালোবাসার এক নির্ভরতা। তাঁর দীর্ঘ কর্মজীবনে তিনি হাজারো শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলেছেন, যারা আজ সমাজের নানা ক্ষেত্রে সাফল্য অর্জন করে দেশ ও জাতির সেবা করে যাচ্ছেন।
পিতার দীর্ঘ শিক্ষকতা জীবনের বিদায়লগ্নে এক আবেগঘন বার্তা ব্যক্ত করেছেন তাঁরই সন্তান, উক্ত মাদ্রাসার ২০০৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান সহকারী শিক্ষক। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, “দীর্ঘ ৪১ বছর ৭ মাসের এই শিক্ষাদান জীবনে শিক্ষা ও প্রতিষ্ঠানের স্বার্থে বাবা যদি অজান্তেই কোনো শিক্ষার্থী, অভিভাবক কিংবা সহকর্মীর মনে কষ্ট দিয়ে থাকেন, তবে আমি তাঁর সন্তান ও সহকর্মী হিসেবে সবার কাছে বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি।”
তিনি আরও যোগ করেন, “আমার বাবার শিক্ষা ও দিকনির্দেশনায় যাঁরা জীবনে সাফল্য অর্জন করেছেন, তাঁদের কাছে বিনীত অনুরোধ—আপনারা প্রতি ওয়াক্ত নামাজে বাবার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ যেন তাঁকে সুস্থ রাখেন এবং তিনি যেন জীবনের বাকি সময়টা মানুষের কল্যাণে নিয়োজিত রেখে ঈমানের ওপর অটল থেকে বিদায় নিতে পারেন।”
পিতার সঙ্গে একই প্রতিষ্ঠানে শিক্ষকতা করার স্মৃতিকাতরতা ও ভালোবাসার কথা প্রকাশ করে তিনি বলেন, “বাবা আমাকে কর্মস্থলে রেখে বিদায় নিলেন। হয়তো বাবার অনুপস্থিতে প্রতিদিনের পরিচিত মুখটি আর দেখতে পাব না, যা অত্যন্ত কষ্টের। কিন্তু এই মাদ্রাসায় আমার আরও বহু শ্রদ্ধেয় শিক্ষক রয়েছেন, যাঁদেরকে আমি বাবার মতোই শ্রদ্ধা করি ও ভালোবাসি। তাঁদের সাহচর্যেই আমি আগামী দিনে কর্মস্থলে এগিয়ে যাব, ইনশাআল্লাহ। শিলখালীর প্রতিটি মানুষের ভালোবাসা ও সম্মান আমার বাবার হৃদয়ে আজীবন চিরভাস্বর হয়ে থাকবে।”
দীর্ঘ প্রায় সাড়ে চার দশকের এই শিক্ষাদান জীবনে মাওলানা ইমাম শরীফ যে ত্যাগ, কষ্ট ও সাফল্যের স্বাক্ষর রেখে গেছেন, তা প্রতিষ্ঠানটির ইতিহাসে এক স্বর্ণালী অধ্যায় হয়ে থাকবে। এলাকার সুধীজন, শিক্ষার্থী ও সহকর্মীরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণময় অবসর জীবনের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়েছেন।
শিক্ষকতার ৪১ বছরের দীর্ঘ পথচলা শেষে অবসরে মাওলানা ইমাম শরীফ: সহকর্মী ও শিক্ষার্থীর অশ্রুসজল বিদায়
-
টেকনাফে প্রতিনিধি মিসবাহ উল্লাহ প্রতিবেদনে বিস্তারিত দেখুন - আপডেট সময় : ০২:৩৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- 39
জনপ্রিয় সংবাদ




















