সীমান্তবর্তী এলাকা টেকনাফে মানবপাচার রোধ ও মাদকের ভয়াবহ অপব্যবহার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে একটি সমন্বিত জনসচেতনতামূলক প্রচার অভিযান ও রোড শোর আয়োজন করা হয়েছে। এনজিও সংস্থা সোসাইটি ফর হেলথ এন্ড অলটারনেটিভ ডেভেলপমেন্ট (শেড) এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে এই ব্যতিক্রমী কর্মসূচি অনুষ্ঠিত হয়।
টেকনাফের হ্নীলা বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সংক্রান্ত সচেতনতামূলক সভা ও রোড শোর আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে টেকনাফ একটি অতি সংবেদনশীল এলাকা। প্রলোভন ও অসচেতনতার সুযোগ নিয়ে একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে মানবপাচার ও মাদকের মতো সামাজিক ব্যাধি ছড়িয়ে দিচ্ছে। এর মাধ্যমে তরুণ সমাজ ও অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়ছে। এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় কেবল সরকারি বা প্রাতিষ্ঠানিক উদ্যোগই যথেষ্ট নয়, বরং তৃণমূল পর্যায়ে সামাজিক প্রতিরোধ গড়া তোলা অত্যন্ত জরুরি।
কর্মসূচির অংশ হিসেবে হ্নীলা ও আশপাশের এলাকায় এক সচেতনতামূলক রোড শোর আয়োজন করা হয়। প্ল্যাকার্ড, ফেস্টুন প্রদর্শন ও লিপলেট বিতরণের মাধ্যমে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়।
আয়োজক সংস্থা শেড ও অ্যাকশনএইডের প্রতিনিধিরা জানান, মানবপাচারের ঝুঁকি হ্রাস এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এ ধরনের সামাজিক সচেতনতামূলক প্রচার অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে একটি নিরাপদ, মাদকমুক্ত ও পাচারমুক্ত সমাজ গঠনে উপস্থিত সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
টেকনাফে প্রতিনিধি মিসবাহ উল্লাহ 



















