কক্সবাজারের ঈদগাঁওয়ে রাতের আঁধারে সংঘবদ্ধ দস্যুতা ও নগদ অর্থ ছিনতাইয়ের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত চার আসামির মধ্যে প্রধান দুইজনকে গ্রেফতার করেছে ঈদগাঁও থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই ২০২৬ দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে অভিযোগকারী রহিম উদ্দিন (২৮), পিতা- সোনা মিয়া, মধ্যম শিয়াপাড়া (৭ নম্বর ওয়ার্ড), ঈদগাঁও ইউনিয়নের নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা আসামিরা তার পথরোধ করে মারধর করে এবং তার কাছে থাকা ১ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ঈদগাঁও থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শিয়াপাড়া এলাকা থেকে মামলার প্রধান দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ১. ফারুক মিয়া (৪২), পিতা- মৃত আলী মিয়া, সাং- মধ্যম শিয়াপাড়া, ঈদগাঁও ইউনিয়ন, কক্সবাজার। ২. মো. সাজ্জাদ প্রকাশ আব্বুইয়া (২৭), পিতা- মৃত জাফর আলম প্রকাশ গফুর, সাং- দরগাহপাড়া, ঈদগাঁও ইউনিয়ন, কক্সবাজার।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। একই সঙ্গে ছিনতাই হওয়া নগদ অর্থ উদ্ধারের পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতারে সম্ভাব্য সকল স্থানে অভিযান অব্যাহত রয়েছে।
ঈদগাঁও থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বদা তৎপর ও বদ্ধপরিকর।
রাতের আঁধারে দস্যুতা: ঈদগাঁওয়ে ছিনতাই মামলার প্রধান দুই আসামি গ্রেফতার
-
মোঃ বজলুর রহমান, ঈদগাঁও, কক্সবাজার প্রতিনিধি: - আপডেট সময় : ০৯:৪৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- 43
জনপ্রিয় সংবাদ




















