কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্থানীয় যুবসমাজের যৌথ উদ্যোগ এবং পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ক গাঁজা গাছ ও গাঁজা সেবনের সরঞ্জামসহ কুখ্যাত মাদক কারবারি মনজু আলমকে (৫৫) আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে উপজেলার বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মনজু আলম ওই গ্রামের মৃত নজির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযানকালে মাদক কারবারি মনজু পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বাধা দেওয়ায় সে দুই স্থানীয় যুবকের হাত কামড়ে রক্তাক্ত করে। পরবর্তীতে পুলিশ ও বিজিবির সহায়তায় তাকে কাবু করে আটক করা হয়।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং বিজিবির সোনাহাট কোম্পানি কমান্ডার সুবাদার ফরিদুল ইসলাম খান।
এ বিষয়ে সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন জানান, সীমান্ত এলাকায় মাদকের বিস্তার রোধে বিজিবির সাথে সমন্বয় করে প্রতিনিয়ত এরকম যৌথ অভিযান পরিচালনা করা হবে। তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মোঃ হাসান মাহমুদ জয় স্টাফ রিপোর্টার 



















