এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী কুড়িগ্রামে এক রাজনৈতিক সভায় নুর, রাশেদ, জোনায়েদ সাকীসহ কোটা সংস্কার আন্দোলন এবং চব্বিশের গণঅভ্যুত্থানের কয়েকজন নেতাকে উদ্দেশ করে “ঝাড়ু দিয়ে পরিষ্কার করবেন” বলে মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। এ বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বক্তব্যটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আইনজীবী অধিকার পরিষদের সভাপতি ও আইনজীবী এস.এম নুরে এরশাদ সিদ্দিকী। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “রাজনীতিতে ভিন্নমত থাকতেই পারে, কিন্তু প্রতিপক্ষকে অপমান ও অবমাননার ভাষা কখনো গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে না। কে কাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করবে, সেটি সময়ই বলে দেবে। গণঅধিকার পরিষদ কুড়িগ্রামের মাটিতেই এ বক্তব্যের যথাযথ রাজনৈতিক জবাব দেবে।”
তিনি অভিযোগ করেন, “জামায়াতের পেইড মাসোয়ারায় খেটে উস্কানিমূলক বক্তব্য দিয়ে এবং শিবিরের পাঠানো দর্শকদের সামনে বাহবা পাওয়া যেতে পারে, এমনকি সাময়িকভাবে রাজনৈতিক আলোচনায়ও থাকা যেতে পারে। কিন্তু বিভাজন, বিদ্বেষ ও উসকানিনির্ভর রাজনীতি কখনো দীর্ঘস্থায়ী হয় না। জনগণ শেষ পর্যন্ত শালীন, দায়িত্বশীল ও আদর্শভিত্তিক রাজনীতিকেই মূল্যায়ন করে।”
এস.এম নুরে এরশাদ সিদ্দিকী আরও দাবি করেন, চব্বিশের গণঅভ্যুত্থানের সময় নাসিরুদ্দিন পাটোয়ারী পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন, জুলাইয়ে কারাবন্দী ছিলেন কিংবা আন্দোলনের উল্লেখযোগ্য কোনো প্রতিরোধে সক্রিয় ভূমিকা রেখেছেন—এমন কোনো ঘটনার সাক্ষী তিনি নন।
তিনি বলেন, “বরং গণঅভ্যুত্থান-পরবর্তী প্রায় দেড় বছরে ইউনূসকালীন সময়ে তারুণ্যের সম্ভাবনাময় রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করেছেন নাসিরুদ্দিন পাটোয়ারীর মতো নেতারা। অন্যথায় আঠারো ও চব্বিশের আন্দোলন থেকে উঠে আসা তরুণদের মধ্য থেকেই আজ জাতীয় সংসদ ও মন্ত্রিসভায় উল্লেখযোগ্য সংখ্যক নেতৃত্ব প্রতিষ্ঠিত হতে পারত।”
তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে সম্মান দেখানোই গণতান্ত্রিক চর্চার অন্যতম শর্ত। ব্যক্তিগত আক্রমণ, অবমাননাকর ভাষা ও উসকানিমূলক বক্তব্য রাজনৈতিক পরিবেশকে আরও অস্থির করে তোলে। তাই দায়িত্বশীল নেতাদের উচিত সংযত ভাষা ব্যবহার করা এবং জনগণের প্রকৃত সমস্যা ও প্রত্যাশাকে প্রাধান্য দেওয়া।
উল্লেখ্য, নাসিরুদ্দিন পাটোয়ারীর এই বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা ও সমালোচনা চলছে।
নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যে তীব্র প্রতিবাদ; ‘অপমানের জবাব রাজনৈতিকভাবেই দেওয়া হবে’
-
মোঃ জাফর আহমদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ - আপডেট সময় : ০৫:৫৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- 50
জনপ্রিয় সংবাদ


























