কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর কারিগরপাড়া গ্রামে মাদক প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট বুলবুল আবু সাঈদ শামিম। তিনি বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুস সালাম, মোকারামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরাদুল ইসলাম সিরা, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মাছিদুল, রাজন, রুবেল, মনিরুজ্জামানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, মাদক নির্মূলে কেবল আইন প্রয়োগ নয়, পারিবারিক মূল্যবোধ, সামাজিক সচেতনতা এবং সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তারা মাদকের বিরুদ্ধে জনমত গড়ে তুলে একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, ব্যুরো চীফ, দক্ষিণাঞ্চল 



















