যশোরের ঝিকরগাছা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯৪ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোনো কর আরোপ ছাড়াই প্রণীত এ বাজেটে মাল্টিপারপাস পৌর ভবন নির্মাণ, সড়ক, ড্রেনেজ, সুপেয় পানি, আলোকসজ্জা ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ঝিকরগাছা পৌর কার্যালয়ে আয়োজিত ২৯তম বাজেট সভায় আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন ঝিকরগাছা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ। বাজেটের বিভিন্ন দিক ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন পৌর নির্বাহী কর্মকর্তা (পিএনও) সন্তোষ কুমার হাজরা।
সভায় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, উপজেলা জামায়াতের নায়েবে আমির সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আরমান হোসেন কাঁকন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আঁখি খাতুনসহ পৌরসভার কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাজেট আলোচনা সভায় বক্তারা বলেন, নতুন কোনো কর আরোপ না করে উন্নয়নমুখী বাজেট প্রণয়ন করায় সাধারণ নাগরিকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হবে না। একই সঙ্গে সরকারের উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় পৌরসভার অবকাঠামো উন্নয়ন আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় বক্তারা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, সরকারের ধারাবাহিক সহযোগিতা ও বরাদ্দের ফলে পৌর এলাকায় সড়ক, ড্রেনেজ, জনসেবা এবং নাগরিক সুবিধা সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হয়েছে। ঘোষিত বাজেটের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে ঝিকরগাছা পৌরসভা একটি আধুনিক, পরিচ্ছন্ন, টেকসই ও নাগরিকবান্ধব পৌরসভায় রূপান্তরিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
স্থানীয় সচেতন নাগরিকরা বলেন, বাজেটের প্রতিটি উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়িত হলে পৌরবাসী সরাসরি এর সুফল ভোগ করবে এবং ঝিকরগাছা পৌরসভা দেশের অন্যতম মডেল পৌরসভা হিসেবে প্রতিষ্ঠিত হবে।
আবু রাসেল স্টাফ রিপোর্টার, দৈনিক বাংলার সংবাদ 



















