নীলফামারী জেলায় সাব-রেজিস্ট্রার সংকটের কারণে জমি রেজিস্ট্রি সেবা ব্যাহত হচ্ছে। জেলার ছয়টি উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের পাশাপাশি চিলাহাটি ও জলঢাকার মীরগঞ্জে আরও দুটি অতিরিক্ত সাব-রেজিস্ট্রি অফিস থাকলেও পর্যাপ্ত জনবল না থাকায় একাধিক কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন দলিল লেখক সমিতির সদস্য, জমির ক্রেতা-বিক্রেতা এবং সেবা নিতে আসা সাধারণ মানুষ।
জানা গেছে, বর্তমানে নীলফামারী জেলায় চারজন সাব-রেজিস্ট্রার কর্মরত রয়েছেন। তাদের মধ্যে সদর সাব-রেজিস্ট্রার আব্দুল্লাহ আল মামুন অতিরিক্ত দায়িত্ব পালন করছেন সৈয়দপুরে। ডিমলা সাব-রেজিস্ট্রার কে এম সুজাউদ্দিন অতিরিক্ত দায়িত্বে রয়েছেন কিশোরগঞ্জে। ডোমার সাব-রেজিস্ট্রার সিরাজুল ইসলাম অতিরিক্তভাবে দায়িত্ব পালন করছেন লালমনিরহাট জেলার হাতীবান্ধা সাব-রেজিস্ট্রি অফিসে। এছাড়া চিলাহাটি সাব-রেজিস্ট্রার আদনান ফেরদৌস জলঢাকার মীরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
ফলে একজন কর্মকর্তাকে একাধিক অফিসের দায়িত্ব সামলাতে হওয়ায় নিয়মিত সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে দলিল নিবন্ধনে বিলম্ব, অপেক্ষার সময় বৃদ্ধি এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
এ বিষয়ে দলিল লেখক সমিতির নেতারা জানান, দীর্ঘদিন ধরে সাব-রেজিস্ট্রার সংকট চললেও নতুন কর্মকর্তা পদায়নের উদ্যোগ না থাকায় জনসেবা ব্যাহত হচ্ছে। তারা দ্রুত শূন্য পদে নিয়োগ দিয়ে সংকট নিরসনের দাবি জানান।
এ বিষয়ে জেলা সাব-রেজিস্ট্রার এস এম সোহেল রানা মিলন বলেন, জনবল সংকটের কারণে একাধিক কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নতুন কর্মকর্তা পদায়ন হলে সেবার মান আরও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সাব-রেজিস্ট্রার সংকটে নীলফামারী, অতিরিক্ত দায়িত্বে ব্যাহত সেবা; ভোগান্তিতে দলিল লেখক ও সেবাপ্রার্থীরা
-
মোঃ মোকলেছুর রহমান নীলফামারী প্রতিনিধি - আপডেট সময় : ০৪:৫৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- 55
জনপ্রিয় সংবাদ




















