ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার একটি ধর্ষণ মামলার পলাতক আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে রাণীশংকৈল থানা পুলিশ।
গ্রেফতারকৃত সামিউল ইসলাম উপজেলার ১নং ধর্মগড় ইউনিয়নের ঝাড়বাড়ি এলাকার এন্তাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে উপজেলার এক প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় স্থানীয় জনতার হাতে আটক হন সামিউল। পরে তাকে রাণীশংকৈল থানা পুলিশের কাছে সোপর্দ করা হলে সংশ্লিষ্ট ঘটনায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
ভুক্তভোগী নারীর অভিযোগ, জামিনে মুক্তি পাওয়ার পর সামিউল তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় তিনি রাণীশংকৈল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের খবর পেয়ে সামিউল এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।
পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তা এবং র্যাব-১-এর সহযোগিতায় সোমবার (২৯ জুন) রাত প্রায় ১১টার দিকে গাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামি সামিউল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয় রাণীশংকৈল থানা পুলিশ।
এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, “ধর্ষণ মামলার পলাতক আসামি সামিউল ইসলামকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। আইনগত সকল কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”
তিনি আরও বলেন, “অপরাধী যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। পলাতক আসামিদের গ্রেফতারে রাণীশংকৈল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
মোঃ আকতারুল ইসলাম আক্তার স্টাফ রিপোর্টার 



















