পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের ইউপি প্যানেল চেয়ারম্যান ফিরোজ হাওলাদার (৫৫)-এর ওপর হামলা, তার কার্যালয়ে ভাঙচুর এবং ৩ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে।
সোমবার (২৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে কালাইয়া গরুর হাটের উত্তর পাশে অবস্থিত তার কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২৭ জুন) উপজেলার দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির মোটরসাইকেল মিছিলে হামলার অভিযোগ ওঠে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। ওই ঘটনার পর থেকেই দাশপাড়া ও কালাইয়া এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় সোমবার বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আওয়ামী লীগবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
অভিযোগ অনুযায়ী, সমাবেশ শেষে একদল নেতাকর্মী কালাইয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফিরোজ হাওলাদারের কার্যালয়ে গিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।
ভুক্তভোগী ফিরোজ হাওলাদার দাবি করেন, তিনি কার্যালয়ের ভেতরে অবস্থানকালে ৪০-৫০ জনের একটি দল অতর্কিত হামলা চালায়। এ সময় তার কাছে থাকা নগদ টাকার মধ্যে এক পকেটে থাকা ৩ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। অন্য পকেটে থাকা ১ লাখ টাকা তিনি রক্ষা করতে সক্ষম হন। হামলায় জড়িতদের মধ্যে স্বপন, রিয়াজ ও রাজনকে তিনি শনাক্ত করেছেন বলে দাবি করেন। তার ভাষ্য, তারা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ পঞ্চায়েত। তিনি বলেন, শনিবার বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের প্রতিবাদে তারা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেন। মিছিল চলাকালে ফিরোজ হাওলাদারের সঙ্গে কথা কাটাকাটি হলেও হামলা, ভাঙচুর বা লুটপাটের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ আব্দুল্লাহ আল লিখন বাউফল, পটুয়াখালী প্রতিনিধি 



















