সিলেটের জৈন্তাপুর উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষা, অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধ এবং মাদক নির্মূলে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২৭ জুন) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুনন্দা রায়ের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন (সংশোধিত), ২০১০ ও ২০২৩ অনুযায়ী দায়ের করা তিনটি পৃথক মামলায় মোট ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
একই সঙ্গে একজন অপরাধীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মাদক ব্যবসার সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানের সময় অবৈধভাবে পাথর পরিবহনের দায়ে পাথরবোঝাই একটি ট্রাক জব্দ করা হয়।
এ সময় জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শওকত মাসুদ-এর নেতৃত্বে পুলিশের একটি দল এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জৈন্তাপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ বালু ও মাটি উত্তোলন প্রতিরোধ, মাদক নির্মূল এবং অপরাধ মুক্ত ও নিরাপদ জনপদ গড়ে তুলতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও নিয়মিত ভাবে পরিচালিত হবে।
জৈন্তাপুর প্রতিনিধি:মুক্তাদির আল সেলিম 



















