মালয়েশিয়া ও চীন সফর শেষে আজ শুক্রবার রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তাঁর দেশে ফেরা উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ আশপাশের এলাকায় কোনো ধরনের শোডাউন বা র্যালি না করার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ বিকেলে কুড়িগ্রাম শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
রুহুল কবির রিজভী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে সরাসরি ঢাকায় পৌঁছাবেন। প্রধানমন্ত্রী হিসেবে এটি তাঁর প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর হওয়ায় সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। তবে জনভোগান্তি এড়ানো এবং শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রধানমন্ত্রী নিজেই দেশে ফেরার সময় কোনো ধরনের শোডাউন, বড় জমায়েত বা মোটর শোভাযাত্রা না করার জন্য স্পষ্ট নির্দেশনা দিয়েছেন।”
নেতাকর্মীদের এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় যেন কোনো ধরনের শোডাউন না হয়, সে বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে আগেই স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সেদিকেও সবাইকে সচেতন থাকতে বলা হয়েছে।
চীন ও মালয়েশিয়া সফর শেষে রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, শোডাউন না করার নির্দেশ
-
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতা - আপডেট সময় : ১১:৪০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- 65
জনপ্রিয় সংবাদ




















