ফুটবল বিশ্বে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের উন্মাদনা এবার দেখা গেল কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার একটি ব্রীজে। ভেড়ামারা (গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প) জিকে- ৩নং ব্রিজের একপাশে ব্রাজিলের পতাকা এবং অপর পাশে আর্জেন্টিনার পতাকা উত্তোলন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাজিল জাতীয় ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে ব্রিজের একপাশে ব্রাজিলের পতাকা টাঙানো হয়। এর পরপরই আর্জেন্টিনা সমর্থকেরাও একই ব্রিজের অন্য পাশে নিজেদের প্রিয় দলের পতাকা উত্তোলন করেন। ফলে সেতুটি এখন দুই ফুটবল পরাশক্তির সমর্থকদের রঙে রঙিন হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বিশ্বকাপ হোক কিংবা আন্তর্জাতিক কোনো বড় টুর্নামেন্ট, ভেড়ামারায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ফুটবল নিয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তবে এবার একটি সেতুর দুই পাশে দুই দলের পতাকা উত্তোলনের ঘটনা এলাকায় ভিন্নমাত্রার আনন্দ ও আলোচনার জন্ম দিয়েছে।
ব্রাজিল সমর্থকরা বলেন, নিজেদের প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতেই তারা পতাকা উত্তোলন করেছেন। অন্যদিকে আর্জেন্টিনা সমর্থকরাও জানান, ফুটবলপ্রেম থেকেই তারা নিজেদের দলের পতাকা টাঙিয়েছেন।
এ বিষয়ে স্থানীয়দের ভাষ্য, দুই দলের সমর্থকদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও তা সম্পূর্ণ আনন্দ ও খেলাধুলাকেন্দ্রিক। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সবাই উৎসবের আমেজে বিষয়টি উপভোগ করছেন।
ভেড়ামারা জিকে ৩নং ব্রিজে দুই দেশের পতাকা উত্তোলনের দৃশ্য দেখতে প্রতিদিনই স্থানীয়দের পাশাপাশি আশপাশের এলাকা থেকেও অনেক ফুটবলপ্রেমী ভিড় করছেন। অনেকে সেখানে গিয়ে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।
ফুটবলপ্রেমীদের মতে, ৩নং ব্রিজ এখন শুধু একটি সেতু নয় বরং ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার এক অনন্য প্রতীক হয়ে উঠেছে।
এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, ব্যুরো চীফ, দক্ষিণাঞ্চল 

























