দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের মধ্যে বাস্তবায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে বাংলাদেশের পক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব (বৈদেশিক সহায়তা অধিশাখা) ড. মো. মোকছেদ আলী এবং চীনের পক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কাউন্সেলর সং ইয়াং স্বাক্ষর করেন।
প্রস্তাবিত সেতুটি পটুয়াখালী জেলার লেবুখালী-বাউফল-গলাচিপা-আমড়াগাছিয়া জেলা মহাসড়কের (জেড-৮৮০৬) ১৪তম কিলোমিটারে লোহালিয়া নদীর ওপর বগা ফেরিঘাটের ভাটিতে নির্মিত হবে। প্রকল্পের আওতায় মোট প্রায় ২ দশমিক ৬২ কিলোমিটার অবকাঠামো নির্মাণ করা হবে। এর মধ্যে ১ দশমিক ৩৪৮ কিলোমিটার মূল সেতু এবং ১ দশমিক ২৭২ কিলোমিটার সংযোগ সড়ক অন্তর্ভুক্ত রয়েছে।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন। এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), সড়ক ও জনপথ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারি তথ্য অনুযায়ী, সেতুর মূল অবকাঠামো ও এপ্রোচ সড়ক নির্মাণে অনুদান হিসেবে অর্থায়ন করবে চীন সরকার। অন্যদিকে ভূমি অধিগ্রহণ, ইউটিলিটি স্থানান্তর এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যয় বহন করবে বাংলাদেশ সরকার।
চুক্তি অনুযায়ী, পরবর্তী ধাপে চীনের মনোনীত প্রতিষ্ঠান সেতুর বিস্তারিত নকশা প্রণয়ন করবে। একই সঙ্গে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির কাজও চলমান রয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের যাতায়াত ব্যবস্থা আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। পাশাপাশি সময় ও পরিবহন ব্যয় কমার পাশাপাশি কৃষি, মৎস্য, ব্যবসা-বাণিজ্য এবং পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
দক্ষিণাঞ্চলে নির্মিত হচ্ছে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু, স্বাক্ষরিত হলো বাস্তবায়ন চুক্তি
-
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি।। মোঃ আব্দুল্লাহ আল লিখন - আপডেট সময় : ০৯:২১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- 73
জনপ্রিয় সংবাদ


























