বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজিত বাংলাদেশ দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ ২০২৫-২৬ মৌসুমে বিজি প্রেস এস অ্যান্ড আর ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন পটুয়াখালীর বাউফল উপজেলার তরুণ ফুটবলার মো. মিফতা হোসেন অন্তর (১৭)।
গত ৩ জুন ক্লাবটির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেন তিনি। অন্তর বাউফল সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকার বাসিন্দা। তিনি বাউফল সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক মো. জাকির হোসেনের ছেলে।
জানা গেছে, অন্তর মাঠে স্ট্রাইকার পজিশনে খেলেন। স্থানীয় পর্যায়ে ধারাবাহিক নৈপুণ্য, গোল করার দক্ষতা এবং আক্রমণভাগে কার্যকর পারফরম্যান্সের মাধ্যমে তিনি ক্লাব কর্মকর্তাদের নজর কাড়েন। এরই ধারাবাহিকতায় দেশের অন্যতম প্রতিযোগিতাপূর্ণ দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে খেলার সুযোগ পেয়েছেন তিনি।
স্থানীয় ক্রীড়াঙ্গনের মতে, এটি বাউফলের ফুটবলের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন। দীর্ঘদিন ধরে প্রতিভাবান খেলোয়াড় থাকলেও জাতীয় পর্যায়ের দ্বিতীয় বিভাগ লিগে চুক্তিবদ্ধ হওয়ার নজির ছিল না। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অন্তর এবার বাফুফে আয়োজিত দ্বিতীয় বিভাগ লিগে অংশ নেওয়ার সুযোগ অর্জন করেছেন।
অন্তরের এ সাফল্যে পরিবার, বন্ধু-বান্ধব, ক্রীড়া সংগঠক ও ফুটবলপ্রেমীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করছেন, তার এই অর্জন বাউফলের তরুণ ফুটবলারদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণে উৎসাহ জোগাবে।
চুক্তিবদ্ধ হওয়ার পর অন্তর বলেন, “এটি আমার জীবনের অন্যতম গর্বের মুহূর্ত। বাউফলের মানুষের দোয়া ও ভালোবাসা সঙ্গে নিয়ে মাঠে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। ভবিষ্যতে দেশের আরও বড় পর্যায়ে খেলার স্বপ্ন দেখি।”
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি।। মোঃ আব্দুল্লাহ আল লিখন 



















