পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন পলাশ মোল্লা (২৯), জুলহাস মোল্লা (২৫) ও রাসেল মোল্লা (২২)। তাদের মধ্যে রাসেল মোল্লা গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার দাশপাড়া ইউনিয়নের মোল্লা বাড়ির পোল এলাকায় অনুষ্ঠিত এক বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অতিথিদের খাবার পরিবেশনের সময় একটি মুরগির রোস্ট চাওয়াকে কেন্দ্র করে ছেলে ও মেয়েপক্ষের কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তিনজন আহত হন।
পরে উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রাসেল মোল্লার চোখের পাশের আঘাতের চিকিৎসা দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানান, আহত রাসেল মোল্লার বাম চোখের পাশে আঘাতের চিহ্ন রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে।
এ ঘটনায় কনেপক্ষের স্বজনরা প্রতিপক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন। তবে অপর পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বাউফলে বিয়ের দাওয়াতে রোস্ট পরিবেশন নিয়ে হাতাহাতি, আহত ৩
-
মোঃ আব্দুল্লাহ আল লিখন বাউফল উপজেলা প্রতিনিধি - আপডেট সময় : ১০:৪১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
- 63
জনপ্রিয় সংবাদ




















