শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে শুরু হওয়া সামান্য বিরোধ শেষ পর্যন্ত রূপ নিল মর্মান্তিক ঘটনায়। নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় দুই পরিবারের সংঘর্ষে গুরুতর আহত হয়ে জামাল মিয়া (৫০) নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে উপজেলার গন্ডা পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার দুই শিশুর মধ্যে খেলাধুলা নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি নিয়ে উভয় পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিরোধ সংঘর্ষে রূপ নিলে জামাল মিয়া গুরুতর আহত হন।
পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কেন্দুয়া থানার অসি(ভারপ্রাপ্ত) মেহেদী মাকসুদ জানান,লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠনো হবে।ঘটনাটির প্রাথমিক তদন্ত শুরু করেছেন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি 



















