গাজীপুরের কালিয়াকৈরে ছিনতাই হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৩ জুন) ভোররাতে উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার রতনপুর এলাকার আবুল হোসেনের ছেলে মো. সামিন হোসেন (৩৪), রাখালিয়াচালা এলাকার শওকত মিস্ত্রীর ছেলে মো. তুহিন আলম (২৫) এবং পূর্ব মৌচাক রহমত টেক্সটাইলের ১ নম্বর গেট এলাকার মৃত সিদ্দিকের পালকপুত্র কাজী সাব্বির হোসেন (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ মে গভীর রাতে রংপুর থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার কালিয়াকৈরের সফিপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত গাড়িটি থামানোর সংকেত দেয়। গাড়ি থামানোর পর তারা চালক ও যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১৮ হাজার ৫০০ টাকা, একটি মোবাইল ফোন এবং প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়।
পরে দুর্বৃত্তরা চালক ও যাত্রীদের জোরপূর্বক প্রাইভেটকারে তুলে উপজেলার রতনপুর এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে আরও একজন সহযোগী যোগ দিয়ে তাদের প্রাণনাশের ভয় দেখিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয়। এরপর ঢাকা মেট্রো-গ-১৭-৪৭৯৬ নম্বরের প্রাইভেটকারটি ছিনতাই করে পালিয়ে যায় তারা।
এ ঘটনায় প্রাইভেটকারের চালক দেলোয়ার হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বুধবার ভোর সাড়ে ৩টার দিকে সফিপুর পশ্চিমপাড়া এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করে। একই সঙ্গে ছিনতাই হওয়া প্রাইভেটকারটিও উদ্ধার করা হয়।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক, অপহরণ, ডাকাতির প্রস্তুতি ও অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, সংঘবদ্ধ অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।
মো: ইলিয়াস চৌধুরী, স্টাফ রিপোর্টার 



















