দিনাজপুরের পার্বতীপুর পৌর শহরের সরকারপাড়া এলাকায় একটি বিয়ে অনুষ্ঠানে হাত ধোয়াকে কেন্দ্র করে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কনেকে মারধর করে জোরপূর্বক বরের বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের আনুষ্ঠানিকতা চলাকালে হাত ধোয়ার বিষয় নিয়ে উভয় পক্ষের কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে বিয়ে বাড়িতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি দ্রুত অবনতি হলে অতিথিদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
প্রত্যক্ষদর্শী ও কনের স্বজনদের অভিযোগ, সংঘর্ষের একপর্যায়ে বরপক্ষের কয়েকজন সদস্য কনেকে জোরপূর্বক বিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে যায়। অভিযোগ রয়েছে, কনেকে রাস্তায় মারধর করতে করতে বরের বাড়ির দিকে নিয়ে যাওয়া হয়। এ সময় কনে কান্নাকাটি করে তার পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।
ঘটনার পর বরের বহরে থাকা একটি মাইক্রোবাস চিরিরবন্দর উপজেলার কারেন্টহাট এলাকায় আটকে দেওয়া হয় বলে জানা গেছে। অন্যদিকে বরযাত্রী বহনকারী একটি বাস পার্বতীপুরের সরকারপাড়া মাদ্রাসা মাঠ এলাকায় থামিয়ে কয়েকজন বরযাত্রীকে আটক রাখা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কিছু বরযাত্রী সেখান থেকে পালিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। তবে ঘটনাটি নিয়ে সরকারপাড়া, কারেন্টহাট ও আশপাশের এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় কোনো মামলা বা থানায় লিখিত অভিযোগ দায়েরের তথ্য পাওয়া যায়নি।
পার্বতীপুরে হাত ধোয়াকে কেন্দ্র করে বিয়ে বাড়িতে সংঘর্ষ, কনেকে মারধর করে নিয়ে যাওয়ার অভিযোগ
-
স্টাফ রিপোর্টার : মোঃ মশিউর ইসলাম। - আপডেট সময় : ১২:০৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
- 95
জনপ্রিয় সংবাদ




















