কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোঃ শহিদুল ইসলামের বিরুদ্ধে সম্প্রতি একটি মহল কর্তৃক মিথ্যা, অসত্য, কাল্পনিক ও মানহানিকর বক্তব্য প্রদান করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন, অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ভেড়ামারা-মিরপুর এলাকার মানুষের আস্থা অর্জন করেছেন। তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে।
বক্তারা আরও বলেন, অধ্যাপক শহিদুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তার সম্মানহানি এবং জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। তারা এ ধরনের মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সাংবাদিক সম্মেলনে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রদানকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও জানানো হয়।
এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজু আহমেদ কুষ্টিয়া জেলা প্রতিনিধি: 



















