পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ৩নং ফেনার বাঁক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নাজিমনগর গ্রামে আস-সাদাকাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
ঈদের আগের দিন আয়োজিত এ মানবিক কর্মসূচিতে এলাকার ৬০টি অসহায় ও নিম্ন আয়ের পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আস-সাদাকাহ ফাউন্ডেশনের সভাপতি এম. এম. দ্বীন ইসলাম এবং সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক রায়হান আহমদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মিডিয়া সম্পাদক কবির হোসেন, কোষাধ্যক্ষ শফিকুন নূর, সহ-কোষাধ্যক্ষ ইয়াসিন আরাফাত এবং প্রচার সম্পাদক মাহমুদুল হাসান। এছাড়াও উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে বক্তব্য রাখেন সাবেক মেম্বার সমশের আলী, প্রবীণ প্রবাসী আলী আহমদ, হারুন মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, মানুষের কল্যাণে কাজ করাই আস-সাদাকাহ ফাউন্ডেশনের মূল লক্ষ্য। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা বলেন, ঈদের আনন্দ যেন সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে সমানভাবে পৌঁছে যায়, সে লক্ষ্যেই এই খাদ্য সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বক্তারা আরও উল্লেখ করেন, এলাকার প্রবাসীদের আর্থিক সহযোগিতা এবং ফাউন্ডেশনের সদস্যদের অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা ও দায়বদ্ধতার কারণেই এমন মহৎ উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রবাসীদের সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।
অনুষ্ঠানে উপস্থিত উপকারভোগীরা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এমন সহায়তা তাদের ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তুলেছে। তারা সংগঠনের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের জন্য দোয়া কামনা করেন।
আস-সাদাকাহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্যসেবা, দুর্যোগকালীন সহায়তা, শীতবস্ত্র বিতরণ এবং দরিদ্র মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে মানবতার সুষম বন্টন —এই অঙ্গীকার নিয়েই আস-সাদাকাহ ফাউন্ডেশন এগিয়ে যাচ্ছে একটি সুন্দর, মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনের প্রত্যয়ে।
জামালগঞ্জে আস-সাদাকাহ ফাউন্ডেশনের উদ্যোগে ৬০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
-
কবির হোসেন, গোয়াইনঘাট প্রতিনিধি: - আপডেট সময় : ১১:৪০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
- 104
জনপ্রিয় সংবাদ




















