আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে গাইবান্ধা জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সিপিসি-৩, র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্প।
জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন পশুর হাট, মহাসড়ক, বাস টার্মিনাল এলাকায় টহল ও সাদা পোশাকসহ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
শনিবার দুপুরে ফুলছড়ি উপজেলার ভরতখালী পশুর হাটে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম।
তিনি জানান, পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। চুরি, ছিনতাই, জাল টাকা, মলম পার্টি ও অজ্ঞান পার্টির তৎপরতা রোধে নিয়মিত টহল, সাদা পোশাকে নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি জাল নোট শনাক্তকরণ মেশিন ব্যবহার করে অভিযান চালানো হবে।
এছাড়া ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে মহাসড়ক ও টার্মিনাল এলাকায় টহল জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হচ্ছে, যাতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত না হয়।
র্যাব জানায়, পুলিশের সঙ্গে সমন্বয় করে যানজট নিয়ন্ত্রণ ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। এ সময় র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
গাইবান্ধা প্রতিনিধি মোঃ ইসমাইল সিরাজী গাইবান্ধা 

























