চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ এক বিশেষ অভিযান পরিচালনা করে আত্মসাৎকৃত ৬০ লক্ষ টাকা মূল্যের ১৬৩ রোল আমদানিকৃত কাপড় উদ্ধার করেছে। এ সময় ঘটনার সাথে জড়িত মো. আবুল বাসার (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল ২০২৬ তারিখ রাত ১১:২০ ঘটিকায় ‘কলম্বিয়া অ্যাপারেলস লিমিটেড’ কর্তৃক আমদানিকৃত ৯.৫ টন ওজনের ১৬৩ রোল কাপড় একটি কাভার্ডভ্যানযোগে চট্টগ্রাম বন্দর থেকে গাজীপুর চৌরাস্তার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে হালিশহর থানাধীন টোলরোডস্থ চিটাগাং ফিলিং স্টেশনে যাত্রাবিরতি শেষে ২৫ এপ্রিল রাত ৩:০০ ঘটিকার দিকে গাড়িটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে চালক ও তার সহযোগীরা পণ্যগুলো নির্দিষ্ট গন্তব্যে না পৌঁছে দিয়ে পরিকল্পিতভাবে আত্মসাৎ করে আত্মগোপনে চলে যায়।
এই ঘটনায় গত ২৭ এপ্রিল হালিশহর থানায় একটি মামলা (মামলা নং-১৯) দায়ের করা হয়।
মামলা রুজুর পর উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মহোদয়ের নির্দেশনায় পরিদর্শক মো. জামির হোসেন জিয়ার নেতৃত্বে ডিবি টিম নং-৩৪ ছায়া তদন্ত শুরু করে। এসআই মো. মহিউদ্দিন রাজু ও এসআই মোহাম্মদ তারেক আজিজের সমন্বয়ে গঠিত টিমটি তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে।
নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন আজিমনগর এলাকায় অভিযান চালিয়ে ৯৬ রোল কাপড় উদ্ধার করা হয়।
পরবর্তীতে চর জব্বর থানাধীন ভুঁইয়ার হাট বাজার এলাকায় অভিযান চালিয়ে অবশিষ্ট ৬৭ রোল কাপড় উদ্ধার করা হয়।
উদ্ধারসহ আসামি আবুল বাসারকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, এই চক্রের সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বিপুল পরিমাণ এই বাণিজ্যিক মালামাল উদ্ধার হওয়ায় ব্যবসায়ীদের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে




















