ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মো. শাহিন (২৭) ওরফে ‘পিচ্চি শাহিন’ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার (৩ মে) মধ্যরাতে উপজেলার বওলা ইউনিয়নের জগন্নাথপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত শাহিন ওই গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে। এলাকায় সে দীর্ঘদিন ধরে ‘পিচ্চি শাহিন’ নামে পরিচিত এবং মাদক কারবারে জড়িত বলে পুলিশ জানিয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানা পুলিশের একটি চৌকস দল রবিবার দিবাগত মধ্যরাতে জগন্নাথপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে শাহিনকে আটক করে তার দেহ তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত শাহিন ওই এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ফুলপুর উপজেলা 



















