পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় কর্মরত এক নারী পুলিশ সদস্যের রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০২মে) ভোররাতে টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত মেহেরুন্নেচ্ছা উর্মি (২৮) কলাপাড়া থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উর্মি কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে আমিরুল ইসলামের বাসায় স্বামী-সন্তানসহ ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। গতরাত আনুমানিক ২টার দিকে খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসার ফ্লোরে শোয়ানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। এ সময় ঘরের ফ্যানের সঙ্গে একটি ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পায় পুলিশ।
ঘটনার পর নিহতের স্বামী মহিবুর রহমান বাপ্পী (৩২)কে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
উল্লেখ্য বাপ্পী নিজেও একজন পুলিশ সদস্য এবং বর্তমানে বরখাস্ত অবস্থায় রয়েছে।
নিহতের পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের দাবি, বাপ্পী প্রায়ই উর্মির ওপর নির্যাতন চালাতো এবং তিনিই উর্মি’কে হত্যা করেছে।
তবে স্বামীর দাবি, উর্মি ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
নিহত উর্মি বরগুনা জেলার আমতলী উপজেলার বাসিন্দা। তিনি চার বছর বয়সী মেয়ে ফারিস্তা ও দেড় বছর বয়সী ছেলে ফারদিনের জননী ছিলেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানায়, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
##
কলাপাড়া
০২/০৫/২০২৬
কলাপাড়ায় নারী কনস্টেবলের মরদেহ উদ্ধার,স্বামী পুলিশ হেফাজতে
-
সিয়াম আবদুল্লাহ,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: - আপডেট সময় : ০৯:২৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- 77
জনপ্রিয় সংবাদ




















