পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যোগ দেওয়ায় জিম্বাবুয়ের ফাস্ট বোলার ব্লেসিং মুজারাবানিকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
মঙ্গলবার (১৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পিসিবি তাদের এই সিদ্ধান্তের কথা জানায়।
আইপিএল ও পিএসএলের নিলামে অবিক্রীত ছিলেন ২৯ বছর বয়সী এই পেসার। পরে পিএসএলের দল ইসলামাবাদ ইউনাইটেড ক্যারিবিয়ান পেসার শামার জোসেফের বদলি হিসেবে তাকে সরাসরি সই করায়। কিন্তু এরপর আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে ডাক পাওয়ায় পিএসএল ছাড়ার সিদ্ধান্ত নেন মুজারাবানি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয় কেকেআর। পরে ফিজের শূন্যতা পূরণে গত ১৩ মার্চ মুজারাবানিকে অর্ন্তভুক্ত করে কলকাতা। জিম্বাবুয়ে তারকা আইপিএলে যোগ দেওয়ার পর পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছিল, মুজারাবানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে পিসিবি।
গত মৌসুমে মুজারাবানির মতো শাস্তি পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার করবিন বশও। মৌসুম শুরুর আগে পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দেওয়ায় তাকে এক বছর নিষিদ্ধ করেছিল পিসিবি।
অস্ট্রেলিয়ার পেসার স্পেনসার জনসন এবং শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকাও আইপিএলে খেলতে এবারের পিএসএল থেকে নিজেদের সরিয়ে নেন। লাহোর কালান্দার্স ছেড়ে শানাকা যোগ দেন রাজস্থান রয়্যালসে এবং কোয়েটা গ্লাডিয়েটর্স ছেড়ে চেন্নাই সুপার কিংসে যোগ দেন জনসন। তবে তাদের নিষিদ্ধ করার কোনো ঘোষণা এখনো দেয়নি পিএসএল কর্তৃপক্ষ।
সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ধারণা করা হচ্ছে, মুজারাবানি ও করবিন বশের মতো শানাকা ও জনসনকেও একই ধরনের শাস্তির মুখে পড়তে পারেন।
মুজারাবানির ক্ষেত্রে চুক্তি ভঙ্গের অভিযোগ খতিয়ে দেখে শৃঙ্খলামূলক কমিটির তদন্ত শেষে তাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় পিসিবি।
ডিজিটাল রিপোর্ট 

























