পটুয়াখালীর কলাপাড়ায় মৃত্যুর ৯৯ দিন পর অনুষ্ঠিত হচ্ছে রাখাইন সম্প্রদায়ের ধর্মীয় গুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরে (৮৭) জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান। অদ্য বৃহস্পতিবার বেলা এগারোটায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী বৌদ্ধ বিহারে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তিনদিন ব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠান ঘিরে কক্সবাজার সহ দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগমন ঘটেছে হাজারো রাখাইন নর-নারীর। বিহার সংলগ্ন এলাকায় বসেছে অস্থায়ী দোকান পাঠ। দীর্ঘদিন পর ব্যতিক্রমী এ অনুষ্ঠান দেখতে ভীড় করছেন স্থানীয়রা।
তুলাতলী পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উকোইন্দা মহাথেরো ২০২৫ সালের ১৭ ডিসেম্বর পরলোক গমন করেন। তিনি ৬৬ বছর বর্ষাবাস জীবন-যাপন করেন। মৃত্যুর পর ৯৯ দিন বিশেষ ব্যবস্থায় তার মরদেহ বিহারে রাখা হয়।
অন্তিম রথযাত্রা, শবদেহ পালং দোলনা শান্তিরকুঠি দানকারীদের হাতে হস্তান্তর করন, ভিক্ষু সংঘের পিন্ড দান, ভিক্ষু সংঘ, মহাথেরোর শবদেহ ছন্দোগুন দ্বারা এবং নৃত্য ও রথযাত্রা সহ নানা ধর্মীয় অনুষ্ঠান শেষে শনিবার বিকালে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
অন্ত্যেষ্টিক্রিয়া কমিটির সাধারন সম্পাদক মংচো তালুকদার জানান, দীর্ঘ দিন পরে এমন অনুষ্ঠানের আয়োজন হওয়ায় রাখাইন সম্প্রদায়ের মানুষের মধ্যে আগ্রহের কোন কমতি নেই। ইতিমধ্যে আমাদের অনুষ্ঠানের প্রথম দিনের সকালের পর্ব শেষ হয়েছে। হাজারো রাখাইন নর-নারী এখানে উপস্থিত হয়েছে। আশা করছি শান্তিপূর্ণভাবে আমরা অনুষ্ঠানটি শেষ করতে পারবো।
সিয়াম আবদুল্লাহ,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। 



















