খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। নির্ধারিত এ জামাতে নারীদের জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক মতবিনিময়সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
সভায় জানানো হয়, ঈদের জামাতে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের পাশাপাশি বাইরের বিপুলসংখ্যক মুসল্লির সমাগম ঘটে। এ পরিপ্রেক্ষিতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর নজরদারি বৃদ্ধি, রাত্রিকালীন পাহারা জোরদারসহ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়
সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, মসজিদ কমিটির সভাপতি ও খান বাহাদুর আহছানউল্লাহ হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জাকিয়া সুলতানা, হরিণটানা থানার ওসি (তদন্ত) টিপু সুলতান, সিআইডির পুলিশ পরিদর্শক মিহির কান্তি পাল, সিটিএসবির পুলিশ পরিদর্শক মল্লিক মো. ইমাম, তাজউদ্দীন আহমেদ তাজসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত থেকে মতামত জানান।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের প্রধান পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
অনলাইন ডেস্ক, 

























