পবিত্র রমজান মাসে মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক মোস্তাফিজুর রহমান কাওছার ও হাজী মোহাম্মদ শফিকুর রহমান। তাঁদের অর্থায়নে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের কাপাউরা গ্রামে ১৪০টি অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য উপহার ও পোল্ট্রি মোরগ বিতরণ করা হয়েছে।
সোমবার (২ মার্চ) আয়োজিত এ মানবিক কর্মসূচিতে সভাপতিত্ব করেন মোস্তফা মিয়া এবং সঞ্চালনা করেন মাওলানা তোফায়েল আহমদ চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ওলামা দলের সদস্য সচিব এম এম কামাল উদ্দিন, সমাজসেবক মোজাম্মেল আলী, মন্তাজ মিয়া এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের সিলেট জেলা শাখার সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান কাওছার বলেন,
“রমজান মাসে দুস্থ ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে দারিদ্র্য অনেকাংশেই লাঘব সম্ভব।”
উপহার সামগ্রী হাতে পেয়ে অনেক উপকারভোগী আবেগাপ্লুত হয়ে প্রবাসী দাতাদের জন্য দোয়া করেন। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
রমজানের এই সহমর্মিতার বার্তা প্রমাণ করে—মানবতার কল্যাণে এগিয়ে এলে সমাজে সৃষ্টি হয় আশার আলো, ভরসার বন্ধন।
কবির হোসেন,গোয়াইনঘাট প্রতিনিধি। 



















