মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে তারেক আহমদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় চট্টগ্রাম থেকে তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাজনগর সদর ইউনিয়নের ঘরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তারেক আহমদ ওই গ্রামের গাজী মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে গ্রামের বালিদীঘির পাড়ের দক্ষিণ পাশে কয়েকজন যুবক ক্রিকেট খেলছিলেন। এ সময় তারেক আহমদের সঙ্গে প্রতিবেশী আতিক আহমদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আতিক ধারালো অস্ত্র দিয়ে তারেককে এলোপাতাড়ি আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২৬ ফেব্রুয়ারি রাজনগর থানায় হত্যা মামলা (মামলা নং–০৯) দায়ের করা হয়। মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন— মেহেদী হাসান আতিক (২২), সবুজ মিয়া (২৬) ও রিয়াদ মিয়া (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়েরের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকারের তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা এসআই অরূপ সরকার ও জেলা গোয়েন্দা শাখার সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে চট্টগ্রাম জেলার খুলশী থানার মতিঝর্ণা কলোনি এলাকা থেকে গতকাল রাত সাড়ে ১০টার দিকে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃতদের রাজনগর থানায় আনা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আলী আহমদ রিপন মৌলভীবাজার জেলাপ্রতিনিধি 



















