নদীর স্বাভাবিক প্রবাহ ও খনন কার্যক্রমের মাধ্যমেই দেশের প্রকৃত উন্নয়নের সংস্কার শুরু হবে—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “নদীর জীবন ফিরে আসলে হাওরের জীবন ফিরে আসবে, আর হাওরের জীবন ফিরে এলে বাংলাদেশের জীবন ফিরে আসবে।”
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, কিশোরগঞ্জ জেলার অধিকাংশ এলাকা হাওর অধ্যুষিত। এই হাওরই দেশের খাদ্য নিরাপত্তার বড় জোগানদাতা। কিন্তু দীর্ঘদিন নদী খনন না হওয়ায় হাওরগুলোর স্বাভাবিক জীবনব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে। তাই নদীকেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনাই হবে জামায়াতে ইসলামীর অগ্রাধিকার।
তিনি আরও বলেন, “জাতি আজ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের পথেই দেশ এগিয়ে যাচ্ছে। জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”
নারীদের সম্মান ও মর্যাদার বিষয়ে জামায়াত আমির বলেন, “মায়েদের ঋণ কখনো শোধ করা সম্ভব নয়, কিন্তু সেই ঋণ শোধের চেষ্টা আমাদের করতেই হবে। ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা মেয়েদের ওপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, সেদিনই বাংলাদেশে প্রতিবাদের আগুন জ্বলে উঠেছিল।”
তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, সমাজের সর্বস্তরে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। “যে জাতি মাকে সম্মান করে, আল্লাহ তায়ালা সেই জাতির সম্মান বাড়িয়ে দেন।”
শিশুদের কল্যাণ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, একটি সুস্থ ও সবল জাতি গঠনের লক্ষ্যে জন্ম থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের সকল চিকিৎসা ব্যয় সরকার বহন করবে। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, “একটি শিশুও আর শিক্ষা থেকে বঞ্চিত হবে না।”
নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক মো. রমজান আলী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, এই জনসমাবেশ প্রমাণ করে কিশোরগঞ্জে পরিবর্তনের জোয়ার সৃষ্টি হয়েছে।
জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দসহ কিশোরগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনের প্রার্থীরা বক্তব্য রাখেন। সকাল থেকেই জেলার ১৩টি উপজেলা থেকে মিছিল নিয়ে লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থক জনসভায় অংশ নেন।
সমাবেশের শেষ পর্যায়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান কিশোরগঞ্জ-২, কিশোরগঞ্জ-৩, কিশোরগঞ্জ-৪ ও কিশোরগঞ্জ-৫ আসনের জামায়াত প্রার্থীদের হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন। একই সঙ্গে কিশোরগঞ্জ-৬ আসনের ১১ দলীয় জোট প্রার্থীর হাতে রিকশা প্রতীক তুলে দেওয়া হয়।
পরিবর্তনের পথে দেশ, নদী দিয়েই শুরু হবে উন্নয়ন সংস্কার: জামায়াত আমির
-
নিজস্ব প্রতিবেদক, বাংলার সংবাদ - আপডেট সময় : ১১:৩৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- 71
জনপ্রিয় সংবাদ




















