ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অটোরিকশা থেকে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে মনির হোসেন (৩০) নামের এক অটোচালককে মারধর করে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে কসবা পৌরসভার কদমতলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী অটোচালক মনির হোসেন জানান, শনিবার বিকেলে তিনি একজন অসুস্থ রোগীকে নিয়ে দ্রুত হাসপাতালে যাওয়ার পথে কদমতলী মোড় এলাকায় পৌঁছালে স্থানীয় এক যুবক তার অটোরিকশা থামিয়ে চাঁদা দাবি করেন। রোগীর জরুরি অবস্থা জানিয়ে চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে অভিযুক্ত যুবক ক্ষিপ্ত হয়ে তাকে গালাগাল শুরু করেন।
একপর্যায়ে অভিযুক্ত যুবক মনির হোসেনকে ঘুষি মারলে তার নাক ফেটে যায় এবং তিনি রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর অভিযুক্ত যুবক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
স্থানীয়রা বলেন, রোগী পরিবহনের সময় একজন অটোচালকের ওপর এ ধরনের হামলা অমানবিক ও নিন্দনীয়। তারা দ্রুত দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 



















