বিশ্ব ফুটবলের সবচেয়ে মূল্যবান স্কোয়াডের তকমা আবারও নিজের করে নিল রিয়াল মাদ্রিদ। ট্রান্সফারমার্কেটের সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী, ২০২৫ সালের শেষে রিয়াল মাদ্রিদের মোট স্কোয়াড মূল্য দাঁড়িয়েছে রেকর্ড ১.৩৮ বিলিয়ন ইউরো, যা বিশ্বের সব ক্লাবের মধ্যে সর্বোচ্চ।
চলতি মৌসুমে পারফরম্যান্সে কিছুটা ওঠানামা থাকলেও ‘লস ব্লাঙ্কোস’-এর স্কোয়াডে থাকা তারকাদের মান ও গভীরতাই তাদের এই শীর্ষে তুলে এনেছে। ইতিহাসের অন্যতম সফল ক্লাব হওয়ায় বরাবরই বিশ্বের সেরা ফুটবলারদের স্বপ্নের গন্তব্য রিয়াল মাদ্রিদ।
র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল। তাদের স্কোয়াড মূল্য ১.২৯ বিলিয়ন ইউরো। এরপর কাছাকাছি অবস্থানে আছে ম্যানচেস্টার সিটি ও পিএসজি। দুই ক্লাবেরই মূল্য ১.১৯ বিলিয়ন ইউরো।
পঞ্চম স্থানে রয়েছে চেলসি (১.১৮ বিলিয়ন ইউরো)।রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলেনা তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। কাতালান ক্লাবটির স্কোয়াড মূল্য ১.১২ বিলিয়ন ইউরো, যা স্পেনের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এক বিলিয়ন ইউরোর বেশি মূল্যের শেষ দল লিভারপুল, ১.০৪ বিলিয়ন ইউরো।
শীর্ষ দশে রয়েছে বায়ার্ন মিউনিখ, টটেনহাম ও ম্যানচেস্টার ইউনাইটেড।রিয়াল মাদ্রিদের এই বিপুল মূল্য মূলত তাদের সুপারস্টারদের অবদানেই। স্কোয়াড ভ্যালুতে সবচেয়ে বড় অবদান রেখেছেন কিলিয়ান এমোপ্পে (২০০ মিলিয়ন ইউরো) ও জুড বেলিংহাম (১৬০ মিলিয়ন ইউরো)। এ ছাড়া ভিনিসিয়ুস জুনিয়র (১৫০ মিলিয়ন ইউরো) এবং ফেদে ভালভার্দে (১২০ মিলিয়ন ইউরো) দুজনই ১০০ মিলিয়নের বেশি মূল্যমানের খেলোয়াড়।
সব মিলিয়ে, তারকায় ভরা স্কোয়াড ও গভীর শক্তিই ২০২৫ সালের শেষে রিয়াল মাদ্রিদকে বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল দলে পরিণত করেছে।