চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক যুবককে বিদ্যুতের পিলারের সঙ্গে বেঁধে এক যুবককে কোপানো হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার শ্যামপুর ইউনিয়নের ওমরপুর ঘাটে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওই যুবকের নাম মো. আবু সুফিয়ান সিজু। তিনি একই ইউনিয়নের বাজিতপুর গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে।
অভিযোগ রয়েছে, সিজু ছিনতাইকারী দলের সদস্য।
স্থানীয়রা জানান, অভ্যন্তরীণ কোন্দলের জেরে ওইদিন সন্ধ্যায় ওমরপুর ঘাটে এক যুবককে পেটাচ্ছিলেন সিজু। এ সময় তাকে বাধা দিতে আসেন অপর এক যুবক। তখন তার গলায় চাকু ধরেন সিজু। পরে ওই যুবক তার কয়েক সঙ্গীকে ডেকে আনেন। সবাই মিলে সিজুকে ধরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে হাতে ও পায়ে উপর্যুপরি কোপাতে থাকেন। এক পর্যায়ে তারা সবাই সটকে পড়ে।
গুরুতর অবস্থায় স্থানীয়রা ও আত্মীয়-স্বজনরা সিজুকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেলে পাঠান।
শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
অনলাইন ডেস্ক 



















